করোনার ত্রাণের টাকা দিয়ে ব্যায়বহুল ল্যাম্বরগিনি গাড়ি কিনে ফেললেন এক ব্যক্তি
সেতু বাংলা ; করোনার ত্রাণের টাকা দিয়ে এক ব্যক্তি রীতিমতো ব্যয়বহুল ল্যাম্বরগিনি গাড়ি কিনে ফেললেন। কোম্পানির কর্মীদের ধরে রাখার জন্য মার্কিন সরকারের দেওয়া ‘পে চেক প্রোটেকশন’ কর্মসূচির অর্থ দিয়ে এ গাড়িটি কিনেছেন ডেভিড টি হাইনস নামের এক ব্যক্তি।
ডেভিড টি হাইনসনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আদালতের নথি থেকে জানা গেছে, মায়ামি নগরীর ডেভিড টি হাইনস নামের ওই ব্যবসায়ী পে চেক প্রোটেকশন কর্মসূচি থেকে প্রায় ৪০ লাখ ডলার তুলে নেন। এ অর্থ থেকে তিনি তিন লাখ ১৮ হাজার ডলার দিয়ে নিজের জন্য হুরাকান মডেলের ল্যাম্বরগিনি গাড়িটি কেনেন। ফেডারেল এজেন্ট তার গাড়ি এবং ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৩৪ লাখ ডলার জব্দ করেছে।
জানা গেছে, ডেভিড এক কোটি সাড়ে তিন লাখ ডলারের জন্য পে চেক প্রোটেকশন কর্মসূচিতে আবেদন করেছিলেন। নিজের কয়েকটি ভুয়া কোম্পানি এবং কর্মচারীদের ভুয়া বিবরণী তৈরি করে তিনি এ আবেদন করেন।
করোনাভাইরাস প্রতিরোধে গত মার্চ মাস থেকে পুরো আমেরিকা লকডাউনে চলে যায়। তখন বিপর্যস্ত ব্যবসায়ীদের সাহায্যের জন্য কংগ্রেস ইতিহাসের সবচেয়ে উদার নাগরিক সহযোগিতা ঘোষণা করে। এর মধ্যে ব্যবসায়ীদের জন্য পে চেক প্রোটেকশন কর্মসূচির আওতায় অনুদান ও ঋণ প্রদান করা হয়। এ অর্থ কর্মচারীদের মজুরির জন্য ব্যয় করা হলে সম্পূর্ণ বা উল্লেখযোগ্য অংশ আর ফেরত দিতে হবে না।
এ পর্যন্ত ধরা পড়া জালিয়াতদের মধ্যে ডেভিড টি হাইনসকে সবচেয়ে উচ্চাভিলাষী দেখা গেছে। তিনি কর্মচারীদের জন্য কোনো অর্থ না দিয়ে করোনা মহামারির ত্রাণের অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি কিনেছেন। তাকে ২৭ জুলাই রাজ্যের চিফ ম্যাজিস্ট্রেট বিচারক জন সুলিভানের আদালতে উপস্থাপন করে অভিযোগ আনা হয়েছে।

Post a Comment