কয়েক হাজার ভারতীয় আটকা পড়েছেন বাংলাদেশ সীমান্তে - The News Lion

কয়েক হাজার ভারতীয় আটকা পড়েছেন বাংলাদেশ সীমান্তে




ঢাকা প্রতিনিধি : মহামারি করোনার কারণে কয়েক হাজার ভারতীয় নাগরিক আটকা পড়ে আছেন ভারত-বাংলাদেশ সীমান্তে। আটকে পড়া ব্যক্তিরা মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা। তারা কাজ করেন বাংলাদেশে।একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বিশেষ পারিবারিক প্রয়োজন এবং অসুস্থতা কারণ ছাড়া ভারতে কাউকে এখনো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্থলবন্দর দিয়ে।


তবে উড়ানপথে বাংলাদেশে আটকা পড়াদের ফিরিয়ে নিতে ব্যবস্থা করেছিল ভারত সরকার। কিন্তু আর্থিক সংগতি না থাকায় এসব ভারতীয় সে সুযোগটি নিতে পারেননি।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানা গিয়েছে, বাংলাদেশের বেনাপোল এবং বাংলাবান্ধা সীমান্ত দুটিতে প্রায় আড়াই হাজার ভারতীয় নাগরিক আটকে আছেন। এরা প্রায় সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা।



অন্যান্য কয়েকটি সূত্র বলছে, বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের সংখ্যাটা আরও অনেক বেশি।আটকে পড়া ভারতীয়রা আশ্রয় নিয়েছেন বাংলাদেশ সীমান্ত এলাকার বিভিন্ন বাড়ি এবং স্কুলে। এদের মধ্যে অনেক নারীও রয়েছেন বলে জানা গেছে।বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানিয়েছেন, ভারতীয় ইমিগ্রেশন বিভাগ এখনো এদের গ্রহণ করছে না। নিয়মিতই এসব আটকে পড়া মানুষ তার কাছে আসছেন, বা ফোন করছেন। তবে এদের আটকে পড়ার কারণটা স্পষ্ট করে কোনো সরকারের তরফেই জানানো হয়নি।



ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি হচ্ছে। ভারতে যেসব বাংলাদেশি নাগরিক আটকা পড়েছিলেন, তাদের নিজ দেশে ফিরে যেতে দেওয়া হচ্ছে। কিন্তু ভারতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।গত ২৪ মে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছিল, বিমানে যেসব ভারতীয় নাগরিক দেশে ফিরবেন, তাদের কী প্রোটোকল মেনে চলতে হবে।



ওই নির্দেশিকাতেই লেখা আছে যে স্থল-সীমান্ত দিয়ে যারা আসবেন, তাদেরও একই প্রোটোকল মেনে আসতে হবে। নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন এই কয়েক হাজার ভারতীয় সীমান্ত এলাকাগুলোতে আটকে আছেন, সেটা স্পষ্ট নয়।দীর্ঘদিন ধরে সীমান্তে আটকে থাকার ফলে ভারতীয়দের খাবার যোগাড় করতেও সমস্যা হচ্ছে। তাদের অনেকের হাতে পর্যাপ্ত অর্থও নেই। স্থানীয়ভাবেই কিছু খাবারদাবার তারা জোগাড় করছেন, কিন্তু এভাবে আর কতদিন চালাতে পারবেন তা অনেকেই জানেন না।



আবার সামনে আসছে বাংলাদেশের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। এ উপলক্ষে বাংলাদেশে বেশ কয়েকদিন দোকানপাটও বন্ধ থাকবে। সেই সময়ে কীভাবে খাবারদাবার যোগাড় করা যাবে, সেটা অনিশ্চিত। তবে আটকে পড়া ভারতীয়দের কিছু চাল, ডাল, তেল, লবণ পাঠানোর ব্যবস্থা করছেন ঢাকার কয়েকজন সমাজকর্মী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.