ঢাকার বুড়িগঙ্গা নদীতে ৫০ যাত্রী নিয়ে লঞ্চডুবি, ২৪ টি লাশ উদ্ধার
ঢাকা প্রতিনিধি : ঢাকার বুড়িগঙ্গা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে একটি লঞ্চ ডুবে গেছে। আজ সোমবার সকাল ১০টায় ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ি, ২৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। চলছে উদ্ধার কাজ।
ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবেছে। ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ইতোমধ্যেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
এদিকে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে।

Post a Comment