বাইক চুরি চক্রের দুই পান্ডা গ্রেফতার
বাইক চুরির একটি চক্রের দু’জনকে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে মেমারি থানা এলাকায়। ধৃতদের নাম রবিউল সরকার ওরফে নাদু ও উত্তম ঘোষ। মেমারি থানার কাঁটাপুরে রবিউলের বাড়ি। হুগলির পাণ্ডুয়া থানার সিমলাগড়ে উত্তমের বাড়ি।
পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জিটি রোড ধরে দু’টি বাইকে চেপে আসছিল রবিউল ও উত্তম। বাইক দু’টিতে নম্বর প্লেট ছিল না। দেবীপুরে পুলিস ইশারায় তাদের বাইক থামাতে বলে। কিন্তু, তারা গতি বাড়িয়ে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে কিছুটা দূরে বাইক দু’টিকে আটকায় পুলিস।
বাইকের মালিকানা সংক্রান্ত কোনও কাগজপত্র দেখাতে পারেনি রবিউল ও উত্তম। কোথা থেকে তারা বাইক দু’টি পেল সে ব্যাপারেও কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি তারা। কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পুলিস তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে তারা বাইক চুরির কথা স্বীকার করে।
বাইক দু’টি কাটোয়া থেকে চুরি করেছে বলে জানায় তারা। রবিউলের বাড়িতে হানা দিয়ে আরও দু’টি চোরাই বাইক উদ্ধার করে পুলিস। বর্ধমান ও হুগলির বিভিন্ন জায়গা থেকে বাইক চুরির কথা পুলিসের কাছে কবুল করে তারা। তাদের সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে জেরায় ধৃতরা জানিয়েছে।
শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। আরও চোরাই বাইক উদ্ধারের জন্য এবং বাকি জড়িতদের হদিশ পেতে ধৃতদের ৭ দিন পুলিসি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। ধৃতদের ৪ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন বিচারক।

Post a Comment