চিনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে, হতে পারে উৎপাদনও
ঢাকা প্রতিনিধি : মহামারী করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিভিন্ন দেশ গবেষণা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও চিনসহ কয়েকটি দেশ ইতিমধ্যে এই রোগের ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে। এর মধ্যে ভ্যাকসিন প্রথম ট্রায়াল সম্পন্নও করেছে চিন। তাদের ভ্যাকসিনের দ্বিতীয় ট্রায়াল হতে পারে বাংলাদেশে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ গতকাল শুক্রবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছেন।
দেশটির হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজনে ভার্চুয়াল কনফারেন্সে তিনি এ তথ্য জানান। ডা. আবুল কালাম আজাদ বলেন, চিনে আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে পারে। এই ট্রায়ালের সূত্র ধরে বাংলাদেশেও এর উৎপাদন শুরু হতে পারে। এটা বাংলাদেশের মানুষের জন্য করোনা মোকাবিলায় আরেক ধাপ সাফল্য বয়ে আনবে। ডা. আবুল কালাম আজাদ করোনা পরিস্থিতি নিয়ে বলেন, আগে দেশে আক্রান্ত একজন থেকে আরও দু’জনের বেশি হারে এই ভাইরাস ছড়াতে পারত।
কিন্তু এখন সেই রিপ্রডাকশন রেট বা আর-রেট নেমে এসেছে ১.০৫-এ। এটা খুবই ভালো লক্ষণ। এখন নিচে নামাতে পারলে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। তাছাড়া এখনও প্রতিদিন সংক্রমণের যে সংখ্যা পাওয়া যাচ্ছে তা অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। গতকাল ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৩ হাজার ৮৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬১ জনে।
Post a Comment