সাংসদের বাড়ির জানালার গ্রিল কেটে চুরি
ঢাকা প্রতিনিধি : জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে বাংলাদেশের নাটোর জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদের বাড়িতে। শনিবার রাতের কোন এক সময় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্বর্ণালংকার এবং নগদ টাকা চুরি হয়েছে। তবে কি পরিমাণ তা এখনো কেউ জানাতে পারেনি।
খবর পেয়ে পুলিশ সুপারসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সংসদ সদস্য রত্না আহমেদ বর্তমানে ঢাকায় অবস্থান করার তার বাড়িতে কেউ ছিল না। বাড়ির কাজের লোকজন শনিবার সন্ধ্যায় কাজ শেষ করে তাদের বাড়ি চলে যায়।
রোববার সকালে তারা কাজে এসে বাড়ির দারোয়ানের রুমে জিনিসপত্র এলোমেলো পড়ে থাকতে দেখে। এরপর তারা বাড়ির দোতলায় গিয়ে এমপি’র রুমের জানালার গ্রিল কাটা দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় রুমে চুরির প্রাথমিক আলামত পাওয়া যায়।
এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সাথে সাথে ওই বাড়ির সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত এবং গ্রেফতারে অভিযান শুরু করেছে।

Post a Comment