হাওড়ায় ২৭টি কন্টেনমেন্ট জোনে সম্পূর্ণ লকডাউন
করোনা মোকাবিলায় রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত বেড়েছে লকডাউনের মেয়াদ। এরপরই কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলি সিল করে দেওয়া শুরু করল পুলিশ। হাওড়ায় কমিশনারেট এলাকায় ২৭টি কন্টেনমেন্ট জোনকে কড়া পুলিশি পাহারায় ঘিরে দেওয়া হয়েছে।
ওই সমস্ত এলাকার বাসিন্দাদের এলাকার বাইরে বের হওয়া বা বাইরে থেকে কারও এলাকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জানা গেছে, শহরে মোট কন্টেনমেন্ট জোন ৮৪টি।
তারমধ্যে ২৭টিকে আলাদাভাবে চিহ্নিত করে যাতায়াতের রাস্তায় ব্যারিকেড লাগানো হয়েছে। ওইসব এলাকার দোকান, বাজার সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার ধারে বোর্ড লাগিয়ে বিজ্ঞপ্তি দিয়ে বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে। আবার শুরু হয়েছে পুলিশি টহল।

Post a Comment