বজবজে আক্রান্ত হলেন তৃণমূল কাউন্সিলর
বজবজে আক্রান্ত হলেন তৃণমূল কাউন্সিলর। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন তিনি। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বজবজের পূজালি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাজীব ঘাট এলাকার ঘটনা। পিছন থেকে তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় তাঁকে বজবজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই কাউন্সলরকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় মানু্য ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে পাড়ার চায়ের দোকানে চা খাচ্ছিলেন পূজালি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর চিন্ময় বারুই।
সেখানে তাঁর ওয়ার্ডেরই বাসিন্দা অংশুমান দাসের সঙ্গে তাঁর কথা হচ্ছিল। অংশুমানবাবু তাঁর ভাই অনিন্দ্য দাস অসুস্থ বলে জানান তাঁকে। ভাইকে বাড়িতে দেখতে যাওয়ার কথা বলেন চিন্ময়বাবুকে। প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করার কথাও বলেন তিনি।
অংশুমানবাবুর অনুরোধ রেখে কাউন্সিলর চিন্ময়বাবু তাঁদের বাড়িতে যান। অনিন্দ্যকে দেখে যখন বাড়ির বাইরে বেরিয়ে আসছিলেন, তখনই অনিন্দ্য তাঁকে পিছন থেকে ধারালো অস্ত্রের কোপ মারেন বলে অভিযোগ। তাঁর চিৎকারে এলাকার মানুষ ছুটে আসেন।
রক্তাক্ত অবস্থায় কাউন্সিলরকে উদ্ধার করে বজবজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। কি কারনে এই হামলা তা বোঝা না গেলেও তৃণমূলের অভিযোগ বি জে পির মদতেই এই হামলা হয়েছে। যদিও বি জে পি তা অস্বীকার করেছে।

Post a Comment