ঢাকার বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ২৫ মরদেহ উদ্ধার - The News Lion

ঢাকার বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ২৫ মরদেহ উদ্ধার





ঢাকা প্রতিনিধি : পুরান ঢাকার শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী।










আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দমকল বাহিনীর সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু। এর আগে সকাল ৯টায় এ লঞ্চডুবির ঘটনা ঘটে।








স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ইতোমধ্যেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।








মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুইতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এদিকে বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.