রথযাত্রায় ছোট রথেই রীতিপালন প্রাচীন মল্লগড়ে
গত সাড়ে তিন শতকে প্রাচীন মল্লগড় বিষ্ণুপুর অনেক উত্থান পতন দেখেছে। চোখের সামনে দেখেছে মল্ল রাজত্বের পতন। কিন্তু এমন রথ উৎসব দেখেনি বিষ্ণুপুরের মানুষ। ১৬৬৫ সালে মল্ল রানী শিরোমনির ইচ্ছায় মাধবগঞ্জ এলাকায় মল্ল রাজ বীর হাম্বির টেরাকোটার পাঁচচুড়া মন্দির তৈরী করে প্রতিষ্ঠা করেছিলেন দেবতা মদন গোপাল জিউ কে।
সমসাময়িক কাল থেকেই বিষ্ণুপুর মাধবগঞ্জতে শুরু হয় রথ উৎসব। এই রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা নয় রীতি মেনে চাপানো হয় মদন গোপাল জিউ কে। বড় রথের রশিতে টান দিয়ে পূন্যার্জন করেন বিষ্ণুপুর সহ আশপাশের অসংখ্য মানুষ। সুপ্রাচীন সেই রীতিতে এবার ছেদ পড়ল।
লক ডাউনে এবার মাধবগঞ্জে গড়াল না বড় রথের চাকা। নিয়মরক্ষায় ছোট রথের রশিতে টান পড়ল। ভিড় এড়াতে রথ কমিটি, পুরসভা ও প্রশাসনের তরফে নজিরবিহীন ভাবে ব্যারিকেড হলেও আবেগবশত অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন। যদিও স্বাস্থ্য বিধির কারনে রশিতে টান দেওয়ার সাধ অপূর্ণই থাকল প্রাচীন মল্লগড়ের মানুষের।

Post a Comment