বাংলাদেশে মোট করোনা আক্রান্ত ৯৪ হাজার ৪৮১ জন, মৃত ১২৬২ জন
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ৫৩ জনের প্রাণ কেড়ে নিলো করোনা। ফলে ভাইরাসটিতে মোট ১২৬২ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩ হাজার ৮৬২ জন। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪৮১ জন।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি মোট ৬১টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি।
ডা. নাসিমা জানান, বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৮ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ বলে জানান তিনি।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত চার মাসে বিশ্বের ২১৫টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।
চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে। এরই মধ্যে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৮৯ হাজার ৫৮৬ জন। মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ। তবে ৪১ লাখ ৭ হাজারেরও বেশি রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন।

Post a Comment