হাটবাজারে লোক সমাগম দেখে মনে হয় না দেশে মহামারি আছে : বাংলাদেশের হাইকোর্ট - The News Lion

হাটবাজারে লোক সমাগম দেখে মনে হয় না দেশে মহামারি আছে : বাংলাদেশের হাইকোর্ট


   
ঢাকা প্রতিনিধি :      মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতেও বিভিন্ন স্থানে লোক সমাগমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত। হাটবাজারে লোক সমাগমের দৃশ্য দেখে তো মনে হয় না যে দেশে মহামারি আছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঢাকা মহানগরীতে লকডাউনের দাবিতে করা রিটের শুনানি নিয়ে এমন মন্তব্য উঠে আসে বাংলাদেশের উচ্চ আদালত থেকে।




হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ রিটের শুনানিতে এমন মন্তব্য করেন। একই সঙ্গে এ রিটের ওপর আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট অমিত তালুকদার।





শুনানিতে বাদীপক্ষের কৌঁসুলি মনজিল মোরসেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রতিরোধে বিশেষজ্ঞদের মতামত অনুসারে ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের দেশের ‘সংক্রামক প্রতিরোধ আইন, ২০১৮’-তে এ ধরনের মহামারির সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আদালতের নির্দেশে একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে এবং ১৭ সদস্যবিশিষ্ট একটি জাতীয় টেকনিক্যাল কমিটিও গঠন করেছে। জাতীয় টেকনিক্যাল বিশেষজ্ঞ কমিটি বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা শহর লকডাউন ঘোষণার সুপারিশ করেছে। কিন্তু সে ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় অনেক মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণ হতে পারে। যার পরিপ্রেক্ষিতে মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে পারে।




তিনি বলেন, বেঁচে থাকার অধিকার সংবিধানের আর্টিকেল ৩২ অনুসারে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং আদালতকে উক্ত অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে যেকোনো আদেশ নির্দেশ দেয়ার ক্ষমতা সংবিধানের আর্টিকেল ১০২-এ দেওয়া হয়েছে। উক্ত ক্ষমতা প্রয়োগ করে ঢাকা শহর লকডাউন ঘোষণার জন্য আদেশের প্রার্থনা করছি।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা বলেন, সরকার এ বিষয়ে কাজ করছে এবং বুঝে বুঝে প্রয়োজন অনুযায়ী এলাকা ভিত্তিক লকডাউন করছে। তিনি এ বিষয় চীনের উদাহরণ দেন। তিনি আরও বলেন যে, এ পর্যায়ে রিট পিটিশন চলে না।




এ পর্যায়ে আদালত বলেন, হাটবাজারে লোক সমাগমের দৃশ্য দেখে তো মনে হয় না যে দেশে মহামারি আছে। আদালত দেশের সব জনগণকে মাঠে ও ময়দানে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার অনুরোধ জানান।

এরআগে গত বৃহস্পতিবার ঢাকা মহানগরীর পুরো এলাকাকে লকডাউন ঘোষণার দাবিতে রিট আবেদনটি করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবির) চেয়ারম্যান ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.