প্রয়াত কিংবদন্তী বাঙালি পরিচালক বাসু চট্টোপাধ্যায়
প্রয়াত রজনীগন্ধা, ছোটি সি বাত খ্যাত পরিচালক তথা চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায়। ৯৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। জানা গিয়েছে বার্ধ্যকজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে জগতে। রজনীগন্ধা, চিতচোর, বাতো বাতো মে, সহ একাধিক সিনেমা পরিচালনা করেছেন তিনি। ১৯৯৩ ও ১৯৯৭ সালে দূরদর্শনে তাঁর বিখ্যাত টিভি সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’র জন্য তিনি বাঙালি হৃদয়ে আজও অমলিন। বহু বাংলা ছবিও পরিচালনা করেছেন তিনি।
ফিল্মমেকার অ্যান্ড ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত তাঁর মৃত্যু সংবাদ টুইটারে জানিয়েছেন। তিনি লেখেন ,"চলচ্চিত্র জগতের বড় ক্ষতি । প্রখ্যাত চলচ্চিত্রকার বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত । দুপুর ২টো নাগাদ তাঁর শেষকৃত্য সান্তাক্রুজ শ্মশানে সম্পন্ন হবে । "
বাসু চট্টোপাধ্যায় ১৯৩০ সালে ভারতের রাজস্থান প্রদেশের অজমের শহরে জন্মগ্রহণ করেন। মুম্বই থেকে প্রকাশিত সাপ্তাহিক ট্যাবলয়েড Blitz-এ অঙ্কনশিল্পী এবং কার্টুনিস্ট হিসাবে তাঁর কর্মজীবন শুরু। চলচ্চিত্র পরিচালনা শুরুর আগে রাজ কাপুর ও ওয়াহিদা রহমান অভিনীত 'তিসরি কসম' ছবিতে তিনি বাসু ভট্টাচার্য-এর সহকারী হিসাবে কাজ করেন। বাসু চ্যাটার্জ্জীর প্রথম পরিচালিত চলচ্চিত্র 'সারা আকাশ' (১৯৬৯) ।
Post a Comment