প্রেমিকের বিষপানের সংবাদ শুনে প্রেমিকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুরে প্রেমিকের বিষপানের খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা।
রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার নায়ায়ণপুর গ্রাম থেকে কুলসুমা (১৭) নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নারায়ণপুর গ্রামের আনছর আলীর মেয়ে।
কুলসুমার বাবা আনছর আলী সংবাদমাধ্যমকে জানান, তার মেয়ে নয়াপাড়ার একটি পোশাক কারখানার শ্রমিক। কারখানায় শ্রমিক হৃদয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কুলসুমার। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের গভীরতা বাড়তে থাকে। হৃদয় কুলসুমাকে বিয়ে করতে ব্যাকুল হয়ে ওঠে। এর মধ্যে কুলসুমা জানতে পারে হৃদয় আগে একটি বিয়ে করেছে। বিয়ের বিষয়টি জানার পর কুলসুমা তাকে এড়িয়ে চলতে থাকে।
এতে অভিমান করে শনিবার (১৩ জুন) সকালে হৃদয় বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ খবর শুনে কুলসুমা রবিবার দুপুরে নিজ বাড়ির ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। হৃদয়ের বাড়ি নয়াপাড়া রেল স্টেশন এলাকায়।
মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Post a Comment