প্রাক্তন পুলিশ কমিশনারের প্রাক্তন স্ত্রী ও শাশুড়ির মৃত্যুকে ঘিরে রহস্য
রবিবার সকালে সল্টলেকের বাড়ি থেকে উদ্ধার হল প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী ও শাশুড়ির দেহ। তাঁদের করোনায় মৃত্যু বলে সন্দেহ করা হচ্ছে। এদিন সকালে সল্টলেকে মা ও মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমেছে বিধাননগর উত্তর থানার পুলিশ৷
সূত্রের খবর, সল্টলেক বি ই ব্লকের একটি ঘর থেকে মা ও মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত মা পাপিয়া দে (৭৯) ও মেয়ে শর্মিষ্ঠা কর পুরকায়স্থ(৬০)৷। স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মা ও মেয়ে। প্রতিবেশীদের সঙ্গে আগের তুলনায় তাই মেলামেশাও কমে গিয়েছিল। কিন্তু গত দুদিন ধরে তাঁদের একেবারেই বাড়ির বাইরে দেখতে পাননি কেউ। আত্মীয়রাও ফোন করে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বলে খবর।
ঘরের দরজা জানলা ভিতর থেকে বন্ধ থাকায় আর তাঁদের দেখতে না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। শনিবার সন্ধ্যায় প্রতিবেশীরাই থানায় খবর দেন। পুলিশ গিয়ে বন্ধ ঘরের দরজা ভেঙে মা-মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে। প্রথমে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য আরজিকরে পাঠানো হয়। রবিবারই ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।
Post a Comment