নাক না গলাতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের সব ধরনের হটলাইন বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। আর এর প্রতিক্রিয়ায় কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। অবশ্য এই সমালোচনার পাল্টা জবাব দিয়েছে উত্তর কোরিয়া।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে নিরাপদ করতে চাইলে যুক্তরাষ্ট্রের উচিত মুখ সামলে কথা বলা। আন্তঃকোরীয় ব্যাপারে নাক না গলিয়ে নিজেদের অভ্যন্তরীণ ব্যাপারে নজর দিতে ওয়াশিংটনকে সতর্ক করেছে উত্তর কোরিয়া।
এ ব্যাপারে উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা কিয়ন জং গুন বলেন, যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের মনোভাব জঘন্য।
পররাষ্ট্র দপ্তরের যুক্তরাষ্ট্রবিষয়ক বিভাগের প্রধান জানান, ওয়াশিংটনের উচিত তাদের মুখ সামলে কথা বলা এবং নিজেদের অভ্যন্তরীণ ব্যাপারে মনোযোগ দেওয়া।
চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের সব অফিশিয়াল হটলাইন ছিন্ন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে নিজেদের অভ্যন্তরে পিয়ংইয়ংবিরোধী লিফলেট বিতরণের জের ধরে এ সিদ্ধান্ত নেয় কিম উনের প্রশাসন।
এই সিদ্ধান্তকে চরম হতাশাজনক উল্লেখ করে উত্তর কোরিয়ার সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র। এ সমালোচনার উত্তরে এমন হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
Post a Comment