লোকালয়ে ঢুকে পড়ল এক পূর্ণ বয়স্ক কুমির
জোয়ারের জলে ডাঙায় উঠে লোকালয়ে ঢুকে পড়ল এক পূর্ণ বয়স্ক কুমির। মঙ্গলবার রাতে কুলতলির মৈপীঠ এলাকার ঘটনা। কয়েকদিন ধরেই বাঘের গর্জনে অতিষ্ট হয়ে উঠেছিলেন গ্রামের মানুষ। আচমকাই গ্রামের পুকুরে কুমির দেখে তাঁরা আরও অতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। খবর দেন বন দপ্তরকে।
বনকর্মীরা এসে ওই কুমিরটিকে উদ্ধার করে নিয়ে গেছে। কুমিরটি সুস্থ রয়েছে বলে জানান বনকর্মীরা। স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার মাতলা নদীতে জোয়ার চলছিল। সেই সময়ই একটি কুমির নদীর জলে ভাসতে ভাসতে এসে মৈপীঠের গ্রামে ঢুকে পড়ে। একটি পুকুরে গিয়ে আশ্রয় নেয়।
কিন্তু গ্রামের মানুষ তাকে দেখতে পেয়ে যান। তাঁরা আতঙ্কিত হয়ে হইচই শুরু করে দেন। মৎস্যজীবিরা এসে ওই পুকুরটিকে জাল দিয়ে ঘিরে দেন। তারপর বনদপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে মৎস্যজীবিদের সাহায্য নিয়ে ওই কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যান।
এই নিয়ে বনদপ্তরের দক্ষিণ ২৪ পরগনা জেলার আধিকারিক সন্তোষা জিয়ার জানান, কুলতলি, ঝড়খালি, রায়দিঘী, পাথর প্রতিমা প্রভৃতি জায়গায় লোকালয়ে কুমির ঢুকে পড়া নতুন কোন ঘটনা নয়। এর আগেও বহু গ্রাম থেকে কুমির উদ্ধার করা হয়েছে। এখানেও কুমিরটিকে উদ্ধার করা হয়েছে।
এখন বর্ষা কাল। এই সময়ে কুমিরের ডিম পাড়ার সময়। তাই ওরা নিরাপদ জায়গা খোঁজে ডিম পাড়ার জন্য। তাই জল থেকে জঙ্গলে বা লোকালয়ে ঢুকে পড়ে। এই কুমিরের ক্ষেত্রেও সেটাই কারন কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

Post a Comment