বাঁকুড়ার পর্যটন ধীরে ধীরে ছন্দে ফিরছে
সেতু নিউজ ; ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে বাঁকুড়া জেলার পর্যটন শিল্প। লক ডাউনের জেরে গত ২৩ মার্চ থেকে কার্যত তালাবন্দী ছিল বাঁকুড়ার বিষ্ণুপুর, মুকুটমনিপুর, শুশুনিয়া ও বিহারীনাথ সহ বাঁকুড়ার বিভিন্ন পর্যটনকেন্দ্র। দীর্ঘ দুমাসেরও বেশি সময় ধরে লক ডাউনে দিশেহারা হয়ে পড়েন ওই কেন্দ্রগুলির পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ।
সম্প্রতি ৮ জুন থেকে রাজ্যের বেশ কিছু পর্যটন কেন্দ্রের পাশাপাশি বিষ্ণুপুরের পর্যটন চালুর অনুমতি দেয় রাজ্য সরকার। এরপর থেকে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির, হোটেল ও রেস্তোরাঁর দরজা খুলতে শুরু করে। কিন্তু করোনা আতঙ্কে এখনো সেভাবে পর্যটকের দেখা মেলেনি বিষ্ণুপুরে।
মুকুটমনিপুরে পর্যটন শিল্প শুরু করার অনুমতি না মিললেও আগে ভাগেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। ইতিমধ্যেই মুকুটমনিপুর ডেভলপমেন্ট অথোরিটির তরফে গোটা মুকুটমনিপুর জলাধার চত্বর স্যানিটাইজ করা হয়েছে। একটি দুটি করে স্থানীয় কুটিরশিল্পীদের দোকান খুলতে শুরু করেছে।
মুকুটমনিপুর ডেভলপমেন্ট অথোরিটির ভাইস চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক জ্যোৎস্না মান্ডি বলেন উইক এন্ডে স্থানীয় কিছু মানুষ মুকুটমনিপুরে বেড়াতে আসছেন।
তাঁদের কথা মাথায় রেখেই গোটা চত্বর স্যানিটাইজ করা হয়েছে। হোটেলগুলির ঘর দোর পরিস্কার করার কাজও শুরু হয়েছে।

Post a Comment