করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে সফল হওয়ার ঘোষণা দিয়েছে নাইজেরিয়া
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে সফল হওয়ার ঘোষণা দিয়েছে নাইজেরিয়ার একদল গবেষক। কয়েককবার এর কার্যকারিতকা যাচাই করা হয়েছে এবং তাতে ইতিবাচক ফলও পাওয়া গেছে বলে দাবি করেছে সে দেশের গবেষকরা।
নাইজেরিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি। এতে বলা হয়েছে, নাইজেরিয়ার এই ভ্যাকসিন আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন ডা. ওলাদিপো কোলাওলে। তার দাবি, তাদের তৈরি ভ্যাকসিনটি আর স্বপ্ন নয়, এখন বাস্তবতা।
গেলো শুক্রবার সাংবাদিকদের ডা. ওলাদিপো কোলাওলে বলেন, ভ্যাকসিনটি কার্যকরী। আমরা বেশ কয়েকবার এটিকে যাচাই করেছি।
তিনি বলেন, ভ্যাকসিনটির লক্ষ্য আফ্রিকানরা; তবে অন্যান্য জাতিগোষ্ঠীর জন্যও এটা কাজ করবে। এটা ভুয়া হতে পারে না। এটা দৃঢ় প্রচেষ্টার ফল। অনেক বৈজ্ঞানিক প্রচেষ্টায় এটি তৈরি করা হয়েছে।
ডা. ওলাদিপো কোলাওলে বলেন, ভ্যাকসিনটি ব্যাপক পরিসরে ব্যবহারের জন্য কমপক্ষে আরও ১৮ মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে ভ্যাকসিনটি নিয়ে বৃহৎ পরিসরে গবেষণা, বিশ্লেষণ এবং মেডিকেল কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
ওগবোমোশোর ট্রিনিটি ইমিউনোডিফিসিয়েন্ট ল্যাবরেটরি অ্যান্ড হেলিক্স বায়োজেন কনসাল্টের প্রায় ২০ হাজার মার্কিন ডলার অর্থায়নে এই ভ্যাকসিন গবেষণা প্রকল্পটির কাজ চলেছে বলে নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, নাইজেরিয়া ১৯ হাজার ৮০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ভাইরাসটিতে নাইজেরিয়ার ৫০৬ জন মারা গেছে।
Post a Comment