যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করলেন জাস্টিন বিবার, মামলার হুমকি
বিনোদন ডেস্ক : যৌন হয়রানির অভিযোগ ওঠায় তা অস্বীকার করলেন কানাডার জনপ্রিয় পপ গায়ক জাস্টিন বিবার। তিনি অভিযোগকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে হুমকি দিয়েছেন।
দ্য গার্ডিয়ানর খবরে বলা হয়, এক নারী গত রোববার টুইট করেছেন যে, বিবার তাকে যৌন হয়রানি করেছিলেন। তখন ওই নারীর বয়স ২১ বছর ছিল। আর বিবারের বয়স ছিল ২০। তবে ওই টুইটটি পরে ডিলিট করে দেওয়া হয়েছে।
ওই নারীর টুইটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে যায়। বিবারও অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। টুইটে তিনি ওই নারীর আনা অভিযোগ অস্বীকার করেছেন।
টুইটে বিবার জানিয়েছেন, এই ধরনের অভিযোগ নিয়ে তিনি কখনো মুখ খুলতে চান না। কিন্তু যৌন হয়রানির বিষয়টি সম্পূর্ণ আলাদা। সেই কারণে যৌন হয়রানির অভিযোগ ওঠার পরই বিষয়টি নিয়ে মুখ খুলবেন বলে মনস্থির করেন। শুধু তাই নয়, অভিযোগকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান বিবার।

Post a Comment