বিয়ের ৬ মাস পর দম্পতি করোনায় আক্রান্ত, প্রাণ গেলো স্বামীর
ঢাকা প্রতিনিধি : বিয়ের ছয় মাস পার হতে না হতেই ছেদ ঘটলো সম্পর্কে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বামী ফরহাদ হোসেন (৩৩)। দীর্ঘ ২৬ দিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার সকাল আটটায় মৃত্যুবরণ করেন তিনি।
নিহত ফরহাদের স্ত্রী ফারহানা কাদের ও তার ভাই আরাফাত হোসেনও করোনা পজিটিভ। তবে তারা সুস্থ আছেন বলে জানিয়েছে পারিবারিক সূত্র।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উপসর্গ থাকায় তিন সপ্তাহ পূর্বে নমুনা পরীক্ষা করা হলে ফরহাদ হোসেনের করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।
ফরহাদ হোসেন রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের আবদুল শুক্কুরের বড় ছেলে। দীর্ঘদিন পরিবারসহ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকায় বসবাস করতেন। একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।
জানা যায়, ছয় মাস পূর্বে সাতকানিয়া উপজেলার বাসিন্দা চট্টগ্রাম নগরীতে বসবাসরত ফারহানা কাদেরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফরহাদ।
পারিবারিক সূত্র জানিয়েছে, মা-বাবার উপসর্গ না থাকায় এখন পর্যন্ত তাদের নমুনা পরীক্ষা করা হয়নি। আগামীকাল রোববার তাদের নমুনা পরীক্ষার জন্য দেওয়ার কথা রয়েছে। নিহত ফরহাদ হোসেন দুই ভাই এক বোনের মধ্যে সবার বড়।
Post a Comment