ড্রাগ পাচারের অভিযোগে গ্রেফতার বাঁকুড়া জেলা সংশোধনাগারের ওয়ার্ডেন
সংশোধনাগারে বন্দিদের মাদক পাচার করার অভিযোগে গ্রেফতার হলেন বাঁকুড়া সংশোধনাগারের খোদ ওয়ার্ডেন । ধৃত ওয়ার্ডেনের নাম দেবব্রত ভৌমিক। জানা গেছে খড়গপুরে সিনু হত্যাকান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া বিচারাধীন বন্দি মোটা রাজা ওরফে সুমন সিং সহ অন্যান্য বন্দিদের দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিলেন বাঁকুড়া সংশোধনাগারের ওই ওয়ার্ডেন।
গতকাল সংশোধনাগারের নিজস্ব সেলেই অসুস্থ হয়ে পড়েন সিনু হত্যাকান্ডের নায়ক মোটা রাজা ওরফে সুমন সিং। দ্রুত অসুস্থ ওই বন্দিকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। হাসপাতালে যাওয়ার পর জানা যায় হেরোইন যাতীয় মাদক অত্যধিক সেবনের ফলেই অসুস্থ হয়ে পড়েছে মোটা রাজা।
সংশোধনাগারের সেলের মধ্যেই কিভাবে মোটা রাজার কাছে গেল হেরোইন তা জানতে তদন্তে নামে সংশোধনাগার কর্তৃপক্ষ। এরপরই জানা যায় সংশোধনাগারের খোদ ওয়ার্ডেন দেবব্রত ভৌমিক এই মাদক সরবরাহ করেছিলেন বন্দি মোটা রাজা ওরফে সুমন সিং এর কাছে।
এরপর সংশোধনাগার কর্তৃপক্ষ ওয়ার্ডেন দেবব্রত ভৌমিকের বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন বাঁকুড়া সংশোধনাগারের ওয়ার্ডেন দেবব্রত ভৌমিক। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৮ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

Post a Comment