করোনা-আতঙ্কে কাছে যায়নি কেউ, মরদেহ উদ্ধার করল পুলিশ
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের বগুড়া শহরের কাঁঠালতলা এলাকায় দীর্ঘক্ষণ এক ব্যক্তির লাশ রাস্তায় পড়ে থাকলেও আতঙ্কে কেউই তার কাছে যায়নি। পরে খবর পেয়ে আজ রোববার সকাল আটটার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মোহাম্মদ সালামত (৫০) নামে ওই ব্যক্তি আজ ভোরের দিকে মারা গেছেন বলে পুলিশের ধারণা।
উদ্ধারের পর তার লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেছেন, শুনেছি তিনি রাত থেকে অসুস্থ হয়ে কাঁঠালতলায় ছিলেন। অনেক মানুষ তা দেখলেও নিজেরা কিছু করেনি এমনকি থানায়ও কোনো খবর দেননি।
তিনি বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম তার লাশ উদ্ধার করে শজিমেক মর্গে পাঠায়। তার পরিবারের সদস্যরাও থানায় এসেছে। লাশের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আক্ষেপ করে বলেন, যদি সময়মতো আমাদের জানানো হতো তাহলে আমরা সালামতকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম।
সালামতের ছেলে শহিদুলের বরাত দিয়ে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম রবি জানান, মোহাম্মদ সালামত শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্বপাড়ার মৃত পরী সোনার ছেলে। তিনি শহরে তরমুজের আড়তে রিকশা-ভ্যানচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল শনিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি পরিবারের সদস্যরা জানলেও রাত বেশি হওয়ার কারণে তারা কোনো ব্যবস্থা নিতে পারেননি।
তিনি জানান, আজ সকালে শহরের অসংখ্য মানুষ তাকে পড়ে থাকতে দেখলেও করোনা আতঙ্কে কেউ তার কাছে যায়নি।
এসআই খোরশেদ আলম বলেন, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন নেই। আমাদের ধারণা শ্বাসকষ্টজনিত সমস্যায় তার মৃত্যু হয়েছে।
বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদনে যদি করোনার কোনো উপসর্গ উল্লেখ থাকে তবে অবশ্যই তার নমুনা নিয়ে পরীক্ষা করা হবে।
Post a Comment