সুশান্তের মৃত্যুর তদন্তে নয়া মোড়
সোশ্যাল মিডিয়া এখনও সরব সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় বলিউডি শত্রুতার তত্ব বেশ কয়েকদিন ধরেই উঠে আসছিল। ইতিমধ্যেই শিলমোহর দিয়ে মামলা দায়ের করা হয়েছে। বিহারের মজফফরপুরের একটি আদালতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত হিসেবে নাম রয়েছে তাবড় তাবড় বলিউডি ব্যক্তিত্বের।
এই মামলায় জড়িয়ে পড়েছেন সলমন খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুর। আইনজীবী সুধীর কুমার ওঝা এঁদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ভারতীয় দন্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে খবর।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখও জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর যথাযথ তদন্ত হবে।তদন্তের স্বার্থে এবার বড় পদক্ষেপ করছে মুম্বই পুলিস। তদন্ত করতে গিয়েই নায়কের ফ্ল্যাট থেকে পুলিশের হাতে আসে কয়েকটি ডায়রি। তাতে কি লেখা তা অবশ্য তদন্তের স্বার্থে এখনও জানায়নি পুলিশ। কিন্তু বৃহস্পতিবার সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী উপস্থিত হয়েছেন বান্দ্রা থানায়।
অন্যদিকে বুধবারই সুশান্তের অস্থি নিয়ে পটনা ফিরে গিয়েছেন অভিনেতার পরিবারের লোকজন। ছিলেন তাঁর বাবা কে কে সিং, বোনেরা ও অন্যান্য আত্মীয়। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সুশান্তের এক দিদি শ্বেতা সিং কীর্তি ফেসবুকে জানান, বৃহস্পতিবারই গঙ্গায় এই অভিনেতার অস্থি বিসর্জন করা হবে।
Post a Comment