পুলিশের জালে ধরা পড়ল রাজ্যজুড়ে এটিএম জালিয়াতি চক্রের পান্ডা
অবশেষে পুলিশের জালে ধরা পড়ল রাজ্যজুড়ে এটিএম জালিয়াতি চক্রের পান্ডা জয়দেব রায়। যদিও জয়দেব ছাড়াও ওই পান্ডা আরো বহু নামে পরিচিত। সেই সব নামে তার পরিচয় পত্রও রয়েছে।
নরেন্দ্রপুর থানার কামালগাজির একটি বহুতল আবাসনের সুসজ্জিত ঘর থেকে জয়দেবকে ধরেছে ডায়মন্ডহারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানার এন্টি ক্রাইম দলের পুলিশ কর্মীরা। ধৃতকে বৃহস্পতিবার দিন আলিপুর আদালতে তোলা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৮টির বেশি বিভিন্ন ব্যাঙ্কের এ টি এম এবং ডেবিট কার্ড।
এছাড়াও দুটি সোনার আংটি, ২৫ হাজার নগদ টাকা ও চারটি মোবাইল এবং একটি মোটরবাইকের চাবি উদ্ধার করেছে পুলিশ। এ টি এম জালিয়াতি মূল চক্রীর আসল বাড়ি বর্ধমানের দুর্গাপুর এলাকায়। তার শ্বশুর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ফলতায়।
যদিও কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গায় এই জালিয়াতের আরো কয়েকটি বাড়ির রয়েছে বলে জানা গেছে। শুধু এই জেলাতেই নয়, এই জালিয়াতি চক্র রাজ্যের কলকাতা, হাওড়া, হুগলি,বর্ধমান, বীরভূম সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।
এদিন বিষ্ণুপুর থানার আইসি মৈনাক ব্যানার্জি জানান, ডায়মন্ডহারবার পুলিশ জেলার বিভিন্ন থানায় এই কয়েকদিনে প্রচুর এটিএম জালিয়াতির অভিযোগ জমা পড়ছিল। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ওই চক্রের বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হবে বলে জানান পুলিশ আধিকারিক।

Post a Comment