বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত
ঢাকা প্রতিনিধি : করোনার কারণে বাংলাদেশ ক্রিকেট টিমের একের পর এক সিরিজ স্থগিত হচ্ছে । একদিন আগেই স্থগিত হয়েছিল নিউজিল্যান্ড সফর। এরপর ২৪ ঘণ্টার ব্যবধানেই স্থগিত করা হলো শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজও। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে করোনার কথা মাথায় রেখে স্থগিত করা হয়েছে এই সফর।
নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। স্থগিত হলেও ভবিষ্যতে সুবিধাজনক সময়ে বিসিবি ও এসএলসি সিরিজটি আয়োজন করবে। সফরে তিনটি টেস্টের সূচি ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘সব দিক বিবেচনা করেই শ্রীলঙ্কান বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছে।
আমরাও তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আয়োজক দেশ হিসেবে তাদেরই এ সিদ্ধান্ত জানানোর কথা। জুলাইতে সফরটি না হলেও ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজটি অনুষ্ঠিত হবে। শুধু লঙ্কানদের বেলাতেই নয়, যেসব সিরিজ স্থগিত হয়েছে, সবগুলোই সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে।’
Post a Comment