যে কোনও দিন তলিয়ে যেতে পারে ব্যাণ্ডেল- কাটোয়া রেলপথ
যে কোনও দিনই ভাগীরথীর ভাঙনে তলিয়ে যেতে পারে পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড়ের কাছে জালুইডাঙা সহ ব্যাণ্ডেল–কাটোয়া রেলপথের বিস্তীর্ণ অংশ। আর ভাগীরথীর ভাঙনে এই রেলপথ তলিয়ে গেলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায়। আর দ্রুত এই ভাঙন রোধে কিছু করার জন্য রাজ্যের সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানালেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।
শুক্রবার সেচমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্সে জেলার সেচব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনার সময় স্বপনবাবু জালুইডাঙার এই ভাঙন নিয়ে কাতর আবেদন জানান সেচমন্ত্রীর কাছে। স্বপনবাবু এদিন জানিয়েছেন, চলতি সময়ে রেল লাইন থেকে মাত্র ২০ মিটার দূরে রয়েছে ভাগীরথীর জল। বর্ষা শুরু হলেই ফের ভাঙন বাড়বে। আর এবছর ভাগীরথী দিয়ে জল বেশিমাত্রায় গেলে এই রেলপথ ভেসে চলে যাবে বলে তিনি আশংকা করছেন।
স্বপনবাবু এদিন জানিয়েছেন, জালুইডাঙার এই গঙ্গার ভাঙন চলছে দীর্ঘ কয়েকবছর ধরেই। ভাঙতে ভাঙতে বর্তমানে ২০ মিটার দূরে চলে এসেছে ভাগীরথীর জল। স্বপনবাবু জানিয়েছেন, একদা জালুইডাঙা ছিল ঘন জনবসতিপূর্ণ এলাকা। কিন্তু এই ভাঙনের জেরে এখন সেই জালুইডাঙার জনবসতি ইতিহাস হয়ে গেছে।
স্বপনবাবু এদিন সেচমন্ত্রীর কাছে জানিয়েছেন, গোটা পূর্বস্থলী অঞ্চল জুড়েই ভাগীরথীর ভাঙন জারী রয়েছে। ইতিমধ্যেই কবাডি গ্রাম হিসাবে পরিচিত কালিনগর সহ আরও কয়েকটি গ্রাম গঙ্গার ভাঙনের মুখে ঝুলছে। যেকোনো মুহূর্তেই গঙ্গার গর্ভে তলিয়ে যেতে পারে এই গ্রামগুলিও।
Post a Comment