নিজের হাতে সিঙ্গারা বানালেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী
বাড়িতে নিজের হাতে সিঙ্গারা বানালেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। যদিও তাঁর উচ্চারণে সেই সিঙারা বা সমোসা হয়ে গিয়েছে স্কোমোসাস। তবে তাতে দুঃখ নেই। নিজের হাতে ভারতীয় খাবার বানিয়ে বেশ উৎসাহিত মরিসন। রবিবার সেই ছবি পোস্ট করেছেন ট্যুইটারে।
তবে এখানেই শেষ নয়। সেই সমোসা তিনি খাওয়াতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমের চাটনি ও সমোসার প্লেট নিয়ে দাঁড়িয়ে ছবি তুলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ট্যুইটারে ছবি দিয়ে সেখানে তিনি লিখেছেন রবিবারের স্কোমোসাস, সাথে ম্যাঙ্গো চাটনি। এই নিয়ে দেখা করতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে।
এই সপ্তাহেই সাক্ষাত হোক ভিডিওলিংকে। নিরামিষাশী মোদীর সঙ্গে সমোসাগুলি ভাগ করে নিতে চাই। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ৩২ হাজার লাইক পড়ে যায় ছবিটিতে। পোস্টটির জবাবে বিজেপি নেত্রী মীনাক্ষি লেখি জানান অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর নাম নামকরা হোটেলের শেফের জন্য অনুমোদন করা হোক।
জুনের চার তারিখে এই দুই প্রধানমন্ত্রীর একটি বৈঠকের কথা রয়েছে। ভার্চুয়াল বৈঠকে বসবেন তাঁরা। দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার উদ্দেশ্যেই এই বৈঠক বলে খবর। বিশ্ব জুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ার পর এই প্রথম কোনও আন্তর্জাতিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।
Post a Comment