নদীতে ডুবলো বাংলাদেশী কার্গো জাহাজ
সেতু নিউজঃ নদীতে ডুবলো বাংলাদেশী জাহাজ। রবিবার রাতে সুন্দরবন পুলিশ জেলার হাতানিয়া দোয়ানিয়া নদীতে ছাই ভর্তি একটি বাংলাদেশী কার্গো জাহাজ ডুবে যায় জলে। এমভি প্রিয়াঙ্কা নামের এই বাংলাদেশী কার্গো জাহাজটি বজবজের দিক থেকে বাংলাদেশ অভিমুখে যাওয়ার সময় নারায়নপুরের কাছে দুর্ঘটনায় পড়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ভেসেল জেটিতে ধাক্কা খেতে ডুবতে শুরু করে বাংলাদেশের বার্জটি। এই ঘটনা জানতে পেরেই গত রবিবার রাতে স্থানীয় নামখানা থানার পুলিশ বোট নিয়ে গিয়ে বাংলাদেশী বার্জে থাকা নাবিকদের উদ্ধার করে।
নামখানা থানার অফিসার ইনচার্জ প্রসেনজিত জানা জানান, মোট ১২ জন বাংলাদেশী নাবিককে পুলিশবাহী বোটে করে নিয়ে আসা হয় নামখানা গ্রামীন হাসপাতালে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে দ্রুত স্বাস্থ্য পরীক্ষার ব্যাবস্থা করা হয়। বর্তমানে তাঁদের স্থানীয় চন্দ্রনগর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে হাতানিয়ে দোয়ানিয়া নদীতে এই বাংলাদেশী বার্জ ডুবির ঘটনায় পরিবেশ দূষণের আশংকা দেখা দিয়েছে। কারণ, ওই এলাকার স্থানীয় মৎস্যজীবীরা ওই নদীতে মাছ ধরেন। তাঁদের আশঙ্কা, বার্জটিতে থাকা বিপুল পরিমানে ছাই নদীর পানিতে মিশে গেলে মাছের ব্যাপক ক্ষতি হতে পারে। কলকাতা বন্দরকে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
Post a Comment