ফের করোনায় ব্যর্থ হাইড্রোক্সিক্লোরোকুইন
সেতু নিউজঃ করোনা পরীক্ষায় সফল হল না অ্যান্টি ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোকুইন বা এইচসিকিউ। সমীক্ষা বলছে, করোনার মোকাবিলায় সফল কাজ করতে পারেনি এইচসিকিউ। মানব শরীরে ট্রায়াল দেওয়া হলেও, কোনও পার্থক্য বা শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ পাননি চিকিৎসকরা। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন জানাচ্ছে, যে সব করোনা আক্রান্ত রোগির শরীর এইচসিকিউ দেওয়া হয়েছে, তাঁদের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। উন্নতি হয়নি শ্বাসকষ্টের সমস্যারও।
এমনকী মৃত্যুর ঝুঁকিও কমাতে পারছে না এইচসিকিউ। তবে এই ওষুধ শরীরের ওপর আর কোনও ক্ষতি করেনি। এমনকি কোনও পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়নি বলে জানাচ্ছেন ডাক্তাররা। যা স্বস্তির খবর। ১৩৭৬ জন করোনা আক্রান্ত রোগিকে দেওয়া হয়েছিল এইচসিকিউ। নিউইয়র্ক-প্রিসবাইটেরিয়ান হাসপাতাল ও কলম্বিয়া ইউনিভার্সিটি ইরভিং মেডিক্যাল সেন্টারে ভরতি রয়েছেন এঁরা। চলছে করোনা ভাইরাসের চিকিৎসা। সেকানেই এঁদের ওপর প্রয়োগ করা হয়েছিল এইচসিকিউ।
তবে লাভ হয়নি বলে জানাচ্ছে ওই রিপোর্ট। এর আগেও সফল হয়নি করোনার প্রতিষেধক। আটকে গিয়েছে এই কাজ। জানা যায়, মানব শরীরে করোনা ভ্যাকসিন নিয়ে যে কাজ চলছিল, তা আটকে গিয়েছে ব্যর্থতার জন্য। ফিনান্সিয়াল টাইমসে এই প্রতিবেদন প্রকাশিত হয়।মনে করা হচ্ছে রিপোর্টটি অসাবধানতাবশত প্রকাশিত হয়েছে। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বিস্তারিত তথ্য মেলে। তবে এর আগে, প্রাণীদের ওপর করোনা ভ্যাকসিনের যে পরীক্ষা করা হয়েছিল, তা সফল হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের মোকাবিলায় প্রায় ৭০টি ভ্যাকসিনের ওপর কাজ চলছে। এর মধ্যে ৩টি মানব শরীরে পরীক্ষা হবে। রিপোর্ট জানায়, চিনা গবেষকরা ইতিমধ্যেই বাঁদর ও ইঁদুরের ওপর যে ভ্যাকসিনের পরীক্ষা করেছিলেন, তা সফল হয়েছে। SARS-CoV-2-এর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে ভ্যাকসিনটি। bioRxiv নামে এক জার্নালে প্রকাশিত হয় এই তথ্য। দুটি ভিন্ন ডোজে এই ভ্যাকসিনের পরীক্ষা চলে। ৩ ও ৬ মাইক্রোগ্রাম ভ্যাকসিন ইঁদুর ও বাঁদরদের দেওয়া হয়।
Post a Comment