ঈদের আগে কোলাহল নেই ঢাকার নিউ মার্কেটে!
ঢাকা প্রতিনিধি: ঢাকার নিউমার্কেটে সারা বছরই কমবেশি ভিড় লেগে থাকে ক্রেতাদের। তবে ঈদের কয়েকদিন আগে নিউ মার্কেট এলাকা সরগরম হয়ে ওঠে। এ সময়ে এ এলাকায় পা রাখা কষ্টকর হয়ে যায়। অথচ এবার ঈদ যত ঘনিয়ে আসছে ততই যেনো নিস্তব্ধতা বাড়ছে।
নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত সদা ব্যস্ত মিরপুর-সড়কের বিপণি বিতানগুলো খুলছে না ঈদের আগে।
সরকার সুযোগ দিলেও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে ঢাকার নিউ মার্কেট এলাকার বিপণি বিতানগুলোর ব্যবসায়ীরা ঈদের আগে দোকান না খোলারই সিদ্ধান্ত নিয়েছেন।
করোনাভাইরাসের কারণে মার্কেট বন্ধ থাকায় পুরো নিউমার্কেট এলাকায় এখন কেবল সুনসান নিরবতা।
নিউ মার্কেট, চাঁদনী চক ও গাউছিয়া সুপার মার্কেটের ব্যবসায়ীরাও এবার ঈদের আগে দোকান না খোলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ীরা এখনও চূড়ান্ত কিছু না জানালেও তারাও দোকান না খোলার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।
করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউন চললেও ঈদের আগে ১০ মে থেকে শর্ত সাপেক্ষে প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত শপিং মল ও বিপণি বিতান খোলার অনুমতি দিয়েছে সরকার।
তবে প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় নিউমার্কেট বন্ধ রাখাকেই যুক্তিযুক্ত মনে করছে ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, নিজেদের রুটি রুজির জন্য আমরা স্বল্প পরিসরে হলেও চালু করতে চেয়েছিলাম। কিন্তু এখন দিনে দিনে সংক্রমণ বাড়তে থাকায় তারা সাহস করছি না। সে কারণে আমরা ঈদের আগে দোকানগুলো না খোলার পক্ষেই সিদ্ধান্ত নিয়েছি।
তারা বলছেন, কর্মচারী ও নিজের সংসারের খরচ বহনের জন্য দোকান না খুলেও উপায় নেই। আবার নিজের নিরাপত্তা, ক্রেতার নিরাপত্তা এবং সামগ্রিকভাবে দেশের নিরাপত্তার কথা চিন্তা করলে এই পরিস্থিতিতে দোকান খোলার কোনো সুযোগ দেখছি না।
Post a Comment