মপির জন্য অপেক্ষা করে ক্ষুধার্ত কুকুরগুলো
ঢাকা প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারণে লকডাউনে দীর্ঘদিন ধরে ঘরবন্দি হয়ে আছে মানুষ। করোনা প্রতিরোধে সবকিছু বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। ফলে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এর প্রভাব পড়েছে প্রাণীকূলের ওপরও। যার কারণে কষ্টে আছে রাস্তার ছিন্নমূল কুকুরগুলোও।
হোটেল-রেস্তোরাঁ, দোকানসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় খাবার জুটছে না পথের কুকুরগুলোর। তাই এসব কুকুরের মুখে খাবার দিতে এগিয়ে এসেছেন রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)।
করোনাভাইরাস পরিস্থিতিতে প্রতিদিন রংপুর নগরীর ভাসমান ক্ষুধার্ত এই প্রাণীদের একবেলা খাবার দিচ্ছেন এই সাংসদ। দুই সপ্তাহ ধরে রাতে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পাউরুটি, খিচুড়ি, মুরগির মাংসসহ বিভিন্ন খাবার খাওয়াচ্ছেন তিনি ও তার স্ত্রী।
এ প্রসঙ্গে সাংসদ সাদ এরশাদ বলেন, এমনিতেই পশুপাখি আমাকে খুবই টানে। ঢাকা কিংবা রংপুর যেখানেই থাকি না কেন, এদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। করোনার কারণে আমাদের অনেকেই কর্মহীন হয়ে বাড়িতে বসে আছেন। দোকানপাট বন্ধ। এই অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ানো নগরীর অসংখ্য কুকুরের খাবারের সংকট দেখা দিয়েছে। এসব কুকুরকে ঠিকমতো খাবার না দিলে অনেক সময় মানুষের হাত থেকে খাবার নিতে আক্রমণ করে। তাই এই দুর্যোগময় মুহূর্তে মানবিক দৃষ্টিকোণ থেকেই তাদের খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছি।
Post a Comment