গাছের শাখায় থোকায় থোকায় ঝুলছে লিচু
ঢাকা প্রতিনিধি: লিচুর মৌসুম শুরু হয়ে গেছে। বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাগানে ও বাড়ির উঠানের লিচু গাছের শাখায় থোকায় থোকায় ঝুলছে রসেভরা টসটসে লাল লিচু। প্রতিটি গাছে শোভা পাচ্ছে শত শত লিচু। মিষ্টি ও রসালো স্বাদ আর বৈশিষ্ট নিয়ে বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়নাসহ দেশি জাতের লিচুর ভাড়ে নুয়ে পড়েছে গাছের ডালপালা।
লিচুর ছড়িয়ে যাওয়া রসালো মৌ মৌ গন্ধের টানে মধু আহরণে গাছ থেকে গাছে ছুটোছুটি করছে মাছি ও মৌমাছিরা। আত্রাইয়ে লিচুর আবাদ তেমন একটা না হলেও এবার লিচুর সঙ্গে সমপ্রতিযোগী হয়ে উঠেছে আম। লিচুর পাশাপাশি আমগাছ জুড়ে দেখা দিয়েছে থোকায় থোকায় আম।
চাষীরা বলছেন, এবার এ উপজেলায় লিচু ও আমের ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লিচুর বাম্পার ফলন হবে মনে করছেন কৃষি অধিদপ্তর। কোনো ধরনের ছত্রাক বা রোগে আক্রান্ত না হয় এজন্য কৃষি বিভাগের পরামর্শ নিচ্ছেন স্থানীয় লিচুও আম চাষিরা।
লিচু চাষি খন্দকার বাবু জানান, পোকা মাকড়ের আক্রমণ ও রোগ-বালাই থেকে গাছ ও লিচুর গুটিকে মুক্ত রাখতে ব্যবহার করা হচ্ছে বালাইনাশক। গত দুই সপ্তাহের বৃষ্টিপাতের কারণে ঠিক মতো বালাইনাশক দেওয়া সম্ভব হয়নি। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বালাইনাশক দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন জানান, আত্রাই উপজেলাতে তেমন একটা লিচু উৎপাদন হয় না। তবে এখন দিনদিন বাড়ছে লিচুর গাছ। মুকুল ধরা থেকে ফল আসা পর্যন্ত সব ধরনের পরিচর্যা কাজে কৃষি বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করে যাচ্ছেন। অনুকূল আবহাওয়া থাকলে এবার আমের পাশাপাশি লিচুর ফলন ভালো হবে।
Post a Comment