নয়নজুলি থেকে লরি চালকের দেহ উদ্ধার - The News Lion

 নয়নজুলি থেকে লরি চালকের দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ একটি বাক্স তৈরীর কারখানার সামনের রাস্তার নয়নজুলি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বাইনানের তালসারি এলাকায়। মৃত যুবকের নাম কুন্দন কুমার (২৫) । বাড়ি বিহারে। মৃত যুবক পেশায় লরি চালক। বাগনান থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত রবিবার কুন্দন কলকাতার একটি ট্রান্সপোর্ট কোম্পানি থেকে লরি নিয়ে তালসারি এলাকার বাক্স তৈরির কারখানায় আসে। স্থানীয় সূত্রে খবর দুদিন লরিটি কারখানার বাইরে দাঁড়িয়ে থাকে এবং সোমবার রাতে লরি চালক ট্রান্সপোর্ট কোম্পানির মালিকের সঙ্গে কথা বলার পর লরির উপর শুয়ে পড়ে। যদিও এরপর থেকে আর তাকে দেখা যায়নি। পরে বুধবার সকালে কারখানার সামনে নয়ানজুলিতে চালকের মৃতদেহ পড়ে থাকতে দেখে কারখানার নিরাপত্তা রক্ষীরা। পরে তারা পুলিশে খবর দিলে বাগনান থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।


 কারখানার ম্যানেজার অরুন কুমার ঝায়ার জানান বিভিন্ন সময় কলকাতা থেকে বিভিন্ন লরি কারখানায় আসে। সেইমতো রবিবার লরিটি কিছু মালপত্র নিয়ে কারখানা এসেছিল। মালপত্র খালি করার পর চালক লরি নিয়ে কারখানার বাইরে অপেক্ষা করছিল। সোমবার রাত পর্যন্ত কারখানার নিরাপত্তা রক্ষীরা লরি চালককে খাওয়া-দাওয়া করতে দেখেছে। মঙ্গলবার এক টানা বৃষ্টির জন্য সেভাবে কারখানা থেকে কেউ বাইরে বের হয়নি। বুধবার সকালে নিরাপত্তারক্ষীদের নজরে আসে নয়নজুলিতে চালকের মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি কারখানায় লাগানো সিসিটিভি ফুটেজ ও নিয়ে গেছে।


হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান লরি চালক লরির উপর ঘুমোচ্ছিল। ঠিক তার পাশেই নয়নজুলিতে তার মৃতদেহ পাওয়া গেছে। যদিও তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.