বিজেপি কর্মীকে পিটিয়ে খুন
দি নিউজ লায়নঃ মেদিনীপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় কলে পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল, সেখান থেকেই বচসা, হাতাহাতি, মারধর। ওই ঘটনায় গুরুতর আহত হয় প্রায় ৪৫ বছর বয়সী দেবাশিস শিল নামে এক ব্যক্তি। স্থানীয়রা দেবাশীষ শিলকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার রাতেই মৃত্যু হয় দেবাশিস শিলের। ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরের বড়বাজার এলাকায়। মৃতের স্ত্রীর অভিযোগ, বিজেপি করার অপরাধে পিটিয়ে খুন করা হয়েছে তার স্বামীকে।
তাঁর দাবি, গোটা ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানায়। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে মেদিনীপুরএর কোতোয়ালি থানার পুলিশ। সূত্রের খবর, তদন্তে নেমে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তিনজনকে। বিজেপির জেলা কমিটির সহ সভাপতি অরূপ দাস অভিযোগ করে বলেন দেবাশিস শিল তাদের সক্রিয় কর্মী ছিল।বিজেপি দল করার অপরাধে তাকে পিটিয়ে খুন করা হয়েছে।
যদিও রাজনৈতিক গন্ডগোলের অভিযোগ অস্বীকার করেছে রাজের শাসকদল তৃণমূল। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরার দাবি, এটি সম্পূর্ণ পাড়াগত বিবাদ। সেই বিবাদের জেরেই খুন হয়েছে দেবাশিস। বিজেপি গোটা বিষয়টিকে রাজনৈতিক রং লাগাচ্ছে বলেও দাবি করেন তৃণমূল জেলা সভাপতি। তিনি আরো বলেন বলেন যে তৃণমূল কংগ্রেস ওই ঘটনার সঙ্গে জড়িত নয়।ঘটনাটি দুঃখজনক। তিনি মৃতের পরিবারকে সমবেদনা জানান।

Post a Comment