‘প্রীতিলতা’র শুটিংয়ে ফিরছেন পরী মণি
দি নিউজ লায়নঃ ‘প্রীতিলতা’ সিনেমার শেষ ধাপের শুটে অংশ নিতে যাচ্ছেন পরী মণি। অক্টোবরের শেষ সপ্তাহেই শুরু হতে চলেছে এই শুটিং। চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে এই শুট হবে। এরই মধ্যে তার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা। পরীর বাড়িতে সিনেমাটি নিয়ে মিটিং শেষে সিনেমাটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী বলেছেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার।
এই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতির দরকার আছে। তাঁকে মানসিকভাবে প্রস্তুতির জন্য সময় দিচ্ছি আমরা। আগামী ২৪ অক্টোবর পরীর জন্মদিন। আমরা পরিকল্পনা করেছি তারপরই শুটে যাব। মানে, অক্টোবরের শেষ সপ্তাহে বলা যায়।’ গোলাম রাব্বানীর রচনায় সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। গেল বছরের নভেম্বরে সিনেমাটির শুট শুরু হয়।
রাজধানীর উত্তরা, তেজগাঁও ও পুরান ঢাকায় মাত্র আট দিন সিনেমাটির প্রথম লটের শুট হয়। সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে পরী মণি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা। শেষ লটে নতুন আরও শিল্পী যুক্ত হবেন।
সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন কবির সুমন, আরেকটি গান থাকছে সাব্বির নাসিরের কণ্ঠে। কসটিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল। সবশেষ ২৯ মে ‘মুখোশ’ সিনেমার শুটিং শেষ করেন পরী। বর্তমানে পরী মণির হাতে আছে নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’ এবং নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘বায়োপিক’।

Post a Comment