বিজেপি ছেড়ে ১,৪৭২ জনের তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ বিজেপি ছেড়ে ১,৪৭২ জন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। নদিয়া দক্ষিণ রাণাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি অনুষ্ঠানে, দক্ষিণ রাণাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রত্না ঘোষ কর-এর হাত দিয়ে প্রায় দেড় হাজার জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে চাকদা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভংকর সিংহকে পরাজিত করে জয়লাভ করেন বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ। আর এই গেরুয়া শিবিরের দখলে থাকা চাকদা বিধানসভা এলাকা থেকে প্রায় পনেরশো জন বিজেপি কর্মী ও বিজেপির নেতৃত্ব স্থানীয়রা ৪ঠা সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় চাকদার সম্প্রীতি মঞ্চে যোগদান কর্মসূচী অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।
নদিয়া দক্ষিণ রাণাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রত্না ঘোষ কর বলেন, আমাদের দলের অনেকেই ভুল বুঝে বিজেপিতে চলে গিয়েছিলেন এমন কিছু কর্মীসহ দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিজেপি করা নেতৃত্ব ও কর্মী মিলে মোট ১,৪৭২ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আগামীতে আরো বৃহৎ আকারে যোগদান কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন।
অন্যদিকে, চাকদা শহর মণ্ডল বিজেপির সম্পাদক কল্যাণ দাস তৃণমূলে যোগদানের পর বলেন, বিজেপির টিকিট বন্টন থেকে অনেক কাজই সঠিক হয়নি। এছাড়া বিজেপির কাজকর্ম ভালো লাগেনি বলেই দল ত্যাগ করলাম।

Post a Comment