অভিজিতের পুজোয় ঢাক বাজাবে প্রত্যন্ত গ্রামের এই ঢাকি
দি নিউজ লায়নঃ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানা এলাকার প্রত্যন্ত গ্রাম বাঁশচাতরের বাসিন্দা লালু দাস। দেশ-বিদেশে তিনি লালু ঢাকি নামে সুপরিচিত। আর এই লালু ঢাকির হাত ধরেই বাঁশচাতরের মত একটি প্রত্যন্ত গ্রাম দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন। আর সেই সূত্রে আলাপ হয়েছে দেশ-বিদেশের বিশিষ্টদের সঙ্গে। দেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম আজাদ, রাজীব গান্ধী থেকে শুরু প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডবলু বুশের সঙ্গে দেখা করার সুযোগ মিলেছে।
দেশের মধ্যে মুম্বই, দিল্লি, কলকাতা, মণিপুরের পাশাপাশি অষ্ট্রেলিয়া, লন্ডন, হাওয়াই দ্বীপ সহ ইউরোপ, আমেরিকা মহাদেশের একাধিক দেশে দুর্গাপুজোর মন্ডপে ঢাক বাজিয়েছেন। শুধু কি ঢাক বাজানো! ঢাক বাজাতে গিয়েই লন্ডনে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে দেখা হয়েছিল। জর্জ বুশের সঙ্গে একই ফ্রেমে ছবি ঘরে সযত্নে রাখা আছে। তবে সঙ্গীত শিল্পী অভিজিতের মুম্বইয়ের বাড়িতে দুর্গাপূজায় ২২ বছর ধরে ঢাক বাজাচ্ছেন।
গায়ক অভিজিতের বাড়িতে ঢাক বাজাতে গিয়ে বলিউডের নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা থেকে পরিচালক ও নির্দেশকদের সঙ্গে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। সকলেই লালুর ঢাকের বোলে মোহিত হয়েছেন। করোনার জন্য গত বছর মুম্বই যাওয়া হয়নি। তবে এ বছর ২০-২৫ সদস্যের দল নিয়ে পুজোর দুদিন আগে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। এখন প্রতিদিন নিয়ম করে অনুশীলন চলছে।

Post a Comment