এখানে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পরের বৃহস্পতিবার হয় দুর্গা পুজো। কেন এমন অভিনব নিয়ম? - The News Lion

এখানে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পরের বৃহস্পতিবার হয় দুর্গা পুজো। কেন এমন অভিনব নিয়ম?

 



দি নিউজ লায়নঃ   জলপাইগুড়ি জেলার রঙধামালি গ্রাম। সেখানে দুর্গা পুজো। সেজে উঠছে গোটা এলাকা। পুজো ঘিরে বসবে তিন দিনের মেলা- মহারাজের মেলা নামে জনপ্রিয়।  আশে পাশের গ্রাম থেকে লোকজন আসবে মহারাজের মেলায়। এ গ্রামের বাসিন্দারা সব অপেক্ষায় থাকেন এই দিনটির জন্য। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পরের বৃহস্পতিবার হয় দুর্গা পুজো। এমন অভিনব নিয়ম কেন? স্থানীয় লোককথা মতে ধরাধামে চারটি দিন কাটিয়ে কৈলাসে ফিরে যাওয়ার পথে তখন বৈকুণ্ঠপুর জঙ্গলে তিস্তার পাড়ের এক আমবাগানে বিশ্রাম নিতে বসে পড়েন তিনি।


 জানতে পেরে বাগানের মালিক ও স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে সেখানে ছুটে আসেন। নানাভাবে সেবা করেন দুর্গা মা ও তার সন্তান-সন্ততিদের।  তাকে সপরিবারে এখানে একদিন থেকে যাওয়ার অনুরোধ করেন গ্রামবাসীরা। তাতে রাজি হন দেবী। সেখানেই তাকে সপরিবারে আরাধনা করেন সমস্ত গ্রামবাসীরা। তাতে খুশি হয়ে মা দুর্গা তাদের আশীর্বাদ করেন।লক্ষ্মী, গণেশ, সরস্বতী,  কার্তিক ও মহাদেবের পাশাপাশি জয়া ও বিজয়াকেও পুজো করা হয় এখানে। পাঁঠাবলির রীতি রয়েছে। তবে এই পুজোর বিশেষত্ব, চার দিন নয়, একদিনেই হয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো। বাগান মালিক মহারাজের বাগানে এই পুজো শুরু হওয়ায়, এলাকায় মহারাজের দুর্গা পুজো বলেই এর পরিচিতি।


স্থানীয় উপপ্রধান কৃষ্ণ দাস বললেন, “এই মহারাজের মেলাকে কেন্দ্র করে এলাকায় একটা পুনর্মিলন হয়। আর স্থানীয় ব্যবসায়ীদের আগামী চার পাঁচ মাসের রুটি রুজির জোগান দেয় এই মেলা। হিন্দু-মুসলিম, আদিবাসী, নেপালি কোনও ভেদাভেদ থাকে না এই উৎসবে। সারা বছর সবাই এই একটা মেলায় আনন্দ হুল্লোড় করবে বলে মুখিয়ে থাকে। আর কচিকাঁচাদের আসল দুর্গা পুজোয় নতুন জামা না হলেও চলে। যত বায়না, সব এই সময়ে”।  পুজো উপলক্ষ্য তিনদিনের  বিশাল মেলার আয়োজন  হয় এখানে। এই সময়  জিলিপি,  মোগলাই- কষা মাংসের গন্ধে ম-ম করে চারিদিক। নাগরদোলা, সার্কাস, যাত্রাপালায় উপচে পড়ে ভিড়।  কাজের সূত্রে বা বিয়ের পর যারা দূরে থাকেন, এই দিন তিনেকের জন্য ঘরে ফেরেন সবাই। আনন্দ আয়জন-হইচই শেষে গোটা বাংলায় যখন বুক ঝিম করা বিষণ্ণতা, তখনই মা দুর্গা এদের সঙ্গে কাটিয়ে যাবে একটা দিন। সেই অপেক্ষাতেই গোট বছর চলে এখানার মানুষদের অপেক্ষা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.