চাঁচলে বন্ধ বেসরকারি বাস পরিষেবা - The News Lion

চাঁচলে বন্ধ বেসরকারি বাস পরিষেবা

 


দি নিউজ লায়নঃ   অটো-টোটো- ম্যাক্সি চালকদের সঙ্গে বাসচালকদের বিবাদের জেরে রবিবার চাঁচলে বন্ধ হয়ে গেল বেসরকারি বাস পরিষেবা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও বাস চলাচল সচল হয়নি। বাসচালকদের অভিযোগ, চাঁচলের কাজি নজরুল বাস টার্মিনাস থেকে বাস বের করতে দিচ্ছেন না অটো সহ ছোট গাড়ির চালকরা। এনিয়ে নিত্যদিন অশান্তিতে ভুগতে হচ্ছে তাঁদের। প্রশাসন এই সমস্যার স্থায়ী সমাধান না করলে তাঁরা বাস চালাবেন না। 


যদিও এই ঘটনার জন্য বেসরকারি বাস কর্তৃপক্ষকেই দায়ী করেছে ছোট গাড়ির মালিক সংগঠন। ১৯৯৯ সালে চাঁচলে কাজি নজরুল বাস টার্মিনাস চালু হয়। তারপর থেকেই বিভিন্ন সময় বেসরকারি বাস ও ছোট গাড়ির মালিক এবং শ্রমিকদের মধ্যে বিভিন্ন কারণে বিরোধ শুরু হয়। এর জেরে মাঝেমধ্যেই বন্ধ হয়ে যায় যাত্রী পরিষেবা। আজও তার ব্যতিক্রম হয়নি। বেসরকারি বাসচালকদের অভিযোগ, দূরপাল্লার অনেক বাস রাতে এই স্ট্যান্ডে থাকে। সকালে সেসব স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে যায়। অভিযোগ, এদিন সকালে বাস বের করার মুখে অটো সহ বিভিন্ন ছোট গাড়ি দাঁড় করিয়ে দেন চালকরা। ফলে বাস বেরোতে পারেনি। এনিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। তারই জেরে বাস পরিষেবা বন্ধ করে দেন বাসচালকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.