কাবুল বিমানবন্দর ছাড়তে শুরু করেছে মার্কিন সেনারা
দি নিউজ লায়নঃ কাবুল বিমানবন্দর ছাড়তে শুরু করেছে মার্কিন সেনারা। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো নিজেদের নাগরিক ও আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের প্রতিশোধের ঝুঁকির মুখে থাকা আফগানদের বিমান যোগে সরিয়ে নেওয়া শুরু করার দুই সপ্তাহ পর শনিবার সেনাদের সরিয়ে নেওয়া শুরু করল পেন্টাগন।
যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর বিদেশি সেনারা মঙ্গলবারের মধ্যে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই সময়সীমা বেঁধে দিয়েছেন। এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের ২০ বছর ধরে চলা সামরিক সম্পৃক্ততার অবসান হতে চলেছে। কিন্তু তার আগে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে এক আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সৈন্য ও আরও প্রায় ১৭০ জন নিহত হন। এটি গত এক দশকের মধ্যে আফগানিস্তানে সবচেয়ে বেশি মার্কিন সৈন্য নিহতের ঘটনা।

Post a Comment