১৭ বছরের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘরে চাঞ্চল্য
দি নিউজ লায়নঃ রায়গঞ্জের ১০নং মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের কসবা নেতাজি মোড় এলাকার বাসিন্দা নিলয় বোস(১৭) স্থানীয় কৈলাস চন্দ্র রাধারাণী বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্র, গত সোমবার সন্ধার পর থেকে নিখোঁজ ছিল। সারারাত তার কোনো সন্ধান মেলেনি। এরপর মঙ্গলবার সকালে বাড়ি থেকে অদুরেই একটি জঙ্গলাকীর্ণ এলাকায় আমগাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতের পরিবারের তরফে জানা গেছে, দিন কয়েক আগে কৈলাশ চন্দ্র রাধারাণী বিদ্যাপীঠের রসায়নের শিক্ষক কৌশিক ঘোষের ওই এলাকারই ভাড়া বাড়ি থেকে তার ল্যাপটপ চুরি হয়ে যায়। যার অপবাদ যায় ওই শিক্ষকেরই ছাত্র নিলয়ের বিরুদ্ধে।
বাড়ির মালিককে চুরির বিষয়ে জানাতেই প্রতিবেশী এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ও নিলয়ের কয়েকজন সহপাঠিদের নিয়ে ওই শিক্ষক নিলয়ের বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালায় বলে অভিযোগ। এরপরই সোমবার বিকেলে ফের তার কয়েকজন বন্ধু ও ওই শিক্ষকের ছাত্ররা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর থেকেই সে আর বাড়িতে ফেরেনি বলে দাবী। এরপর তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতের আত্মীয়দের অভিযোগ, ল্যাপটপ চুরির অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। ঘটনায় শিক্ষক কৌশিক ঘোষ ও প্রতিবেশি অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক অলোক রায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন মৃতের পরিবার। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক কৌশিক ঘোষ গা ঢাকা দিয়েছেন বলে দাবী। যদিও এদিন অপর অভিযুক্ত অলোক রায়ের স্ত্রীর দাবী, মৃতের পরিবারের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তার স্বামী এই ঘটনায় কোনোভাবেই জড়িত নন। একজন প্রাক্তন পুলিশ আধিকারিক হলেও প্রতিবেশী হিসেবেই ওই ছাত্রের বাবাকে বুঝিয়েছিলেন মাত্র। কোনো প্রভাব খাটানো হয়নি। তবে এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। খুনের লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন মৃত ছাত্রের বাবা মানিক বসু।

Post a Comment