সিবিআইয়ের পক্ষপাতিত্ব করে তদন্ত আমরা মেনে নেবনা, অরূপ - The News Lion

সিবিআইয়ের পক্ষপাতিত্ব করে তদন্ত আমরা মেনে নেবনা, অরূপ

 


দি নিউজ লায়নঃ  পরবর্তী অশান্তির ঘটনার তদন্তে নেমে হাওড়ার বেলগাছিয়া ও ডোমজুড়ে এসে এক বিজেপি নেত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিল সিবিআই। রবিবার বিকেলে হাওড়ায় সাংবাদিক বৈঠকে এমনই গুরুতর অভিযোগ তোলেন রাজ্যের মন্ত্রী তৃণমূল নেতা অরূপ রায়। তিনি বলেন, হাওড়ায় সিবিআইয়ের এই পক্ষপাতিত্ব করে তদন্ত আমরা মেনে নেবনা। রাজ্যে ভোট-পরবর্তী অশান্তির ঘটনার তদন্তে নেমে রবিবার সকালে হাওড়াতেও বেশ কয়েকটি জায়গায় সিবিআই অভিযান চালায়। এই প্রসঙ্গেই মন্ত্রী অরূপ রায় ওই মন্তব্য করেন।


 সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "প্রথম কথা ভোট-পরবর্তী কোনও হিংসা হাওড়ায় হয়নি। এগুলো অতিরঞ্জিত করে মিথ্যে অভিযোগ করা হয়েছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি ভোট-পরবর্তী কোনও হিংসার ঘটনা হাওড়া জেলায় হয়নি। আমরা মানুষের সমর্থন নিয়ে ১৬-০ ফলাফলে হাওড়ায় জিতেছি। যদি কেন্দ্রীয় এজেন্সি হয় তাহলে রাজ্য সরকারের অনুমতি নিয়ে রাজ্য সরকার যদি চায় তাহলে তারা তদন্ত করতেই পারে। কিন্তু কোনও রাজনৈতিক নেতাকে সঙ্গে নিয়ে কোনও জায়গায় তদন্ত করতে যাওয়া আমরা এরমধ্যে কোনও নিরপেক্ষতা দেখিনা।


 সিআইডি বা রাজ্যের যে কোনও এজেন্সি যখন তদন্ত করে তখন তাদের সঙ্গে কোনও সরকারি দলের নেতারা যাননা। এক্ষেত্রে যদি নিরপেক্ষভাবে তদন্ত করতে হয় তাহলে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত নয়। শুনেছি হাওড়ার বেলগাছিয়াতে এক বিজেপি নেত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিল সিবিআই। এবং ডোমজুড়েও নিয়ে গিয়েছিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর বিরুদ্ধে আমরা আমাদের নেতৃত্বের কাছে অভিযোগ জানাব। রাজ্য সরকারের কাছেও অভিযোগ জানাব। আমরা দেখেছি সিবিআইকে ব্যবহার করার চেষ্টা করে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রেও তাই হয়েছে। নির্বাচনের আগেও আমাদের সিবিআই ইডি দিয়ে ভয় দেখানো হয়েছিল।


 সুতরাং আমরা আশা করব সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিরপেক্ষভাবে তদন্ত করুক। আমাদের তাতে কোনও আপত্তি নেই যদি রাজ্য সরকার অনুমতি দেয়। এছাড়া এভাবে পক্ষপাতিত্ব করে তদন্ত আমরা মেনে নেবনা।" উল্লেখ্য, রাজ্যে ভোট-পরবর্তী অশান্তির ঘটনার তদন্তে নেমে শনিবারের পর রবিবার হাওড়া সহ রাজ্যের কয়েকটি প্রান্তে অভিযান চালায় সিবিআইয়ের তদন্তকারী দল। হাওড়াতেও কয়েকটি জায়গা পরিদর্শনের পাশাপাশি আক্রান্তদের বাড়িতেও যান তদন্তকারীরা। হাওড়ার ৮ নং ওয়ার্ডের বেলগাছিয়ার বাসিন্দা দেবলীনা ঘোষ দাসের বাড়িতে আসেন সিবিআইয়ের তদন্তকারীরা। কথা বলে রিপোর্ট নেন তাঁরা। অভিযোগ, ভোটের পর রাজনৈতিক হিংসার ঘটনায় আক্রান্ত হয় এই পরিবার। এছাড়াও এদিন সিবিআইয়ের ওই দল হাওড়ার কোনা পূর্বপাড়া খালধারেও আরেকটি ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তেও যান। তদন্তকারীদের দল যান ডোমজুড়েও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.