পরী মণির জামিন শুনানি আজ
দি নিউজ লায়ন; বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চিত্রনায়িকা পরী মণির জামিন বিষয়ে শুনানি আজ। গত রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছিলেন। আইনজীবী বলেন, গত ২২ আগস্ট পরী মণির আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরী মণির নিম্ন আদালতে জামিন আবেদন অবিলম্বে শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এ ছাড়া আগামী ১৩ সেপ্টেম্বর নিম্ন আদালত জামিন শুনানির যে দিন নির্ধারণ করেছিলেন, তা কেন বাতিল করা হবে না মর্মে রুলে জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগের দিন বুধবার জামিন শুনানির জন্য নিম্ন আদালত ১৩ সেপ্টেম্বর যে দিন ধার্য করেছিলেন, তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরী মণি। আদালতে পরী মণির পক্ষে আছেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু এহিয়া দুলাল। গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাড়ি থেকে পরী মণি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তবে শুনানিতে ভালো কিছু প্রত্যাশা করছেন পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান। তিনি বলেন, পরীমনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য আইনে করা মামলায় আটক রয়েছেন। আমরা তার জামিন আবেদন করেছি। আদালত শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করছেন। আমরা আশা করছি, এ দিন পরীমনি জামিন পাবেন। আমরা আদালতের কাছে ভালো কিছু প্রত্যাশা করছি।

Post a Comment