প্রায়শই ঘটে যাওয়া দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে ট্রাফিক পুলিশ - The News Lion

প্রায়শই ঘটে যাওয়া দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে ট্রাফিক পুলিশ

 



দি নিউজ লায়নঃ  হুগলি সেতুর টোলপ্লাজার কাছে প্রায়শই ঘটে যাওয়া দুর্ঘটনা এড়াতে এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে ট্রাফিক পুলিশ। শনিবার এক বৈঠকে এই নিয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়ার দিক থেকে কলকাতার দিকে যাওয়ার জন্যে একদম বামদিকের ৯ নম্বর চ্যানেলটি লোকাল বাসের জন্যে নির্ধারিত করা হয়েছে। দূরপাল্লার বাসগুলি অন্য চ্যানেল দিয়ে গেলেও লোকাল রুটের বাসকে ফুটবল গেট পার হয়ে বামদিক ধরে এগিয়ে এসে শার্প বেন্ড ধরে পৌঁছতে হবে টোলপ্লাজার ৯ নম্বর চ্যানেলে। একেবারে বামদিকে হওয়ায় যাত্রীদের বাসে ওঠানামার সময়ে দুর্ঘটনারও কোনও সম্ভবনা আর থাকবে না।


 শনিবার হাওড়ায় নবান্নের কাছেই এক বেসরকারি অনুষ্ঠান হলে এই নিয়ে এক বৈঠকে মিলিত হয়েছিলেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের আধিকারিকরা, হাওড়া সিটি পুলিশের  ট্রাফিক আধিকারিকরা এবং বাসমালিক সংগঠনের প্রতিনিধিরা। ওই বৈঠকেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিনের বৈঠক প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস বলেন, দ্বিতীয় হুগলি সেতুতে টোলপ্লাজার কাছে কয়েকদিন আগে দুর্ঘটনা ঘটেছিল। সেই কারণে কলকাতা পুলিশের সহযোগিতায় বাস অ্যাসোসিয়েশনের সঙ্গে এদিন এক বৈঠক ডাকা হয়েছিল। যাত্রীবাহী লোকাল বাসগুলো যাতে টোলের সবকটা লেন দিয়ে না গিয়ে বাঁ দিক দিয়ে যায় সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে এই বৈঠকে। 


 এতে ওভারটেকিং এর প্রবণতা কমবে।  বাঁদিক দিয়ে বাস গেলে কাজীপাড়ার শেষদিক থেকে যেসব যাত্রীরা বাসে ওঠেন তাদেরও সুবিধা হবে। এতে আগের তুলনায় দুর্ঘটনা ঘটার প্রবণতাও কমবে। আগে যে কারণে দুর্ঘটনা ঘটছিল এই ব্যবস্থায় তা ১০০ শতাংশ কমানো সম্ভব বলে আমরা আশাবাদী। রুট পরিবর্তনের ব্যাপারে  কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা করে ঠিক করা হয়েছে। এতে কারও কোনও অসুবিধে হবেনা। যে রুট পরিবর্তন করা হয়েছে তাতে অতিরিক্ত প্রায় ৫০০ মিটার দুরত্ব বা প্রায় ৩০ সেকেন্ডের মতো সময় বেশি লাগবে।


 যেখান থেকে গাড়ি ঘোরানো হবে সেখানে যাত্রীরা নামা ওঠা করবে না। সম্পূর্ণটাই হবে ফ্লাইওভারের উপরে। ৯ নম্বর লেন দিয়ে যাওয়ার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা প্রস্তাব এসেছে। ৯ নম্বর লেনটি চওড়া। সেইক্ষেত্রে বাস যাওয়ার পর অনেকটা জায়গা থাকবে। এতে যাত্রীদের কোনও অসুবিধা হবেনা। সেই কথা চিন্তা করে এই ব্যবস্থা করা হয়েছে। যেহেতু লোকাল বাস রাস্তায় যাত্রী ওঠানো নামানো করে সেহেতু লোকাল বাসের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। দূরপাল্লার বাসের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তারা মেন লাইন দিয়ে যাবে। ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.