মহাদেব জুটমিলের শ্রমিক আবাসন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড
দি নিউজ লায়নঃ হাওড়ায় বেলুড় স্টেশন রোডে মহাদেব জুটমিলের শ্রমিক আবাসন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার সেখানে রাস্তা তৈরির কাজ চলছিল। হঠাৎই আগুন লেগে যায়। বেশ কয়েকটি পিচের ড্রামে পরপর আগুন লাগে। তবে দমকলের তৎপরতায় আগুন পাশাপাশি এলাকায় ছড়াতে পারেনি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের ২টি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকেরও বেশি সময়ের চেষ্টায় আগুন আয়ত্ত্বে আনে।
ঘটনায় হতাহতের খবর নেই। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকায় রাস্তায় পিচ দেওয়ার কাজ চলছিলো। পিচ ভর্তি ড্রামগুলির নিচে আগুন জ্বালিয়ে পিচ গলানো হচ্ছিল। সেই সময়ে পিচের অনেকগুলি ড্রামে আগুন লেগে যায়। ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ঘর থেকে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। দমকলে খবর দেওয়া হলে দমকল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বালি ও লিলুয়া থেকে ২টি ইঞ্জিন এসে আগুন নেভায়।

Post a Comment