৫০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক যুবক
দি নিউজ লায়নঃ কম পয়সায় বৈদ্যুতিক যন্ত্র দেওয়ার নামে ৫০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বারুইপুর থানার পুলিশ গ্রেপ্তার করল প্রতারককে। বুধবার রাতে কাছারি বাজার এলাকা থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম অভিষেক পাল। তার বিরুদ্ধে ৪২০ ও ৪০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে বৃহস্পতিবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ১০ হাজার টাকার মোবাইল ৫ হাজার টাকায়, ২৫ হাজার টাকার টিভি মাত্র ১৫ হাজার টাকায় এইভাবেই বারুইপুরের বলবন, খোদারবাজার, কল্যানপুর এলাকার কিছু লোককে অল্প পয়সায় বৈদ্যুতিক সামগ্রি বিক্রি করছিল প্রতারক অভিষেক। সে নিজে বারুইপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধোপাপাড়ায় ভাড়া থাকত। অল্প পয়সায় বৈদ্যুতিক সামগ্রি দেওয়ার টোপ সহজেই সাধারণ মানুষজন লুফে নিয়েছিল।
দেখতে হ্যান্ডসাম যুবক যে প্রতারক হয়ে যাবে তা ভাবতে পারেননি সাধারন মানুষজন। বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিলেও দুই-তিনমাস সময় নিচ্ছিল সে জিনিস দিতে। অভিযুক্ত এক বেসরকারি সংস্থায় কাজও করত। অভিযোগ, দফায় দফায় লোকের কাছ থেকে ৫০ লক্ষ টাকা তুলেছিল সে। কয়েকদিন আগেই ৮ জন প্রতারিত বারুইপুর থানায় তার নামে অভিযোগ দায়ের করে। প্রতারনা করেই ৩ বছর ধরে বেপাত্তা হয়ে গিয়েছিল অভিযুক্ত। আরও কতজন প্রতারিত হয়েছিলেন তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। এর সঙ্গে আর কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment