কাবুল বিমানবন্দরে হামলা চালাতে পারে আইএস, আশঙ্কা যুক্তরাষ্ট্রের
দি নিউজ লায়নঃ কাবুল বিমানবন্দরের বাইরে দেশত্যাগে ইচ্ছুক বহু মানুষের ভিড়। এমন পরিস্থিতিতে আইএস আফগানিস্তান শাখা সেখানে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। এমনটাই সূত্রের খবর। মার্কিন নাগরিকদের ‘কাবুল বিমানবন্দরের সামনের ফটক এলাকা’ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে শনিবার জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার।
যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধি যাদের আসতে বলবে, শুধু তাদেরকেই সেখান দিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, লোকজনকে বিমানবন্দরে আনার জন্য ভিন্ন রুট খুঁজে বের করার চেষ্টা করছেন তাঁরা। তবে আইএসের হামলার আশঙ্কার বিষয়ে এর চেয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আইএসের পক্ষ থেকেও প্রকাশ্যে হামলার হুমকি দেওয়া হয়নি।
কাবুল বিমানবন্দরের বাইরে দেশত্যাগে ইচ্ছুক আফগানদের ক্রমবর্ধমান ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেই শনিবার যুক্তরাষ্ট্র এই জরুরি সতর্কবার্তার কথা জানাল। বিশেষ করে টানা দুই দশকের যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সহযোগী হিসেবে নানাভাবে যাঁরা কাজ করেছেন, তাঁরা নিরাপত্তার কথা ভেবে দেশ ছাড়তে চাইছেন।
Post a Comment