ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ করা না হলে ঘাটাল কে বন্যার হাত থেকে বাঁচানো যাবে না, মমতা - The News Lion

ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ করা না হলে ঘাটাল কে বন্যার হাত থেকে বাঁচানো যাবে না, মমতা

 


দি নিউজ লায়নঃ  মঙ্গলবার ঝাড়গ্রাম থেকে বেলা বারোটা নাগাদ হেলিকপ্টারে করে ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।ঘাটাল এর কুশপাতা এলাকায় অনুকূল ঠাকুরের আশ্রম এর পাশেই বঙ্গবাসী ক্লাব প্রাঙ্গণের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টার থেকে নেমে সোজা ঘাটালের বিবেকানন্দ রোড ধরে ঘাটাল পৌরসভার  দুই নম্বর ওয়ার্ডের ময়রা পুকুর এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার সাথে ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, ডাক্তার মানস ভুঁইয়া, হুমায়ুন কবির, শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা,জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ও সহ-সভাধিপতি অজিত মাইতি, জেলাশাসক রেশমি কমল, পুলিশ সুপার দিনেশ কুমার সহ অন্যান্য বিধায়ক গণ ও আধিকারিকেরা।


 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই এলাকার দুর্গত মানুষদের সাথে কথা বলেন এবং কিছু দুর্গত মানুষদের হাতে ত্রান তুলে দেন। এরপর ময়রা পুকুর এলাকায় রাস্তার উপর কতটা জল জমে রয়েছে নিজেই জলে নেমে তার পরিস্থিতি খতিয়ে দেখেন ।এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান কেন্দ্র সরকার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো সহযোগিতা করছে না।জল ছাড়ার ফলে পরিকল্পিত বন্যা হচ্ছে বলে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিছুতেই কেন্দ্র সরকার ঘাটাল মাস্টারপ্ল্যানের অনুমোদন দিচ্ছে না। তিনি আরো বলেন যে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ করা না হলে ঘাটাল কে বন্যার হাত থেকে বাঁচানো যাবে না।


 তিনি হেলিকপ্টারে ঘাটাল আসার সময় সাত কিলোমিটার এলাকাজুড়ে বন্যা কবলিত এলাকার ভিডিও করেছেন ।তিনি বলেন প্রচুর ঘরবাড়ি ,রাস্তাঘাট ,দোকানপাট, চাষের জমি এখনো জলে ডুবে রয়েছে। জল ছেড়ে পরিকল্পিতভাবে বন্যায় প্লাবিত করা হয়েছে ঘাটাল, খানাকুল, গোঘাট, উদয়নারায়নপুর সহ বিভিন্ন এলাকা কে। তিনি কেন্দ্রের কাছে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবেন।প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের মন্ত্রী ও সাংসদরা। সেই প্রতিনিধিদল কেন্দ্রের জল সম্পদ মন্ত্রীর সাথে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত ভাবে কথা বলবেন। সেই সঙ্গে তিনি বলেন বন্যায় প্রতিটি মানুষকে পর্যাপ্ত ত্রান দেওয়ার ব্যবস্থা করতে হবে। ত্রান দেওয়া নিয়ে কোন রাজনীতি করা চলবে না। যে সমস্ত সমাজসেবী সংগঠন গুলি ওই এলাকায় দুর্গত মানুষদের হাতে ত্রাণ দিচ্ছে তাদেরকে তিনি প্রশাসনকে সহযোগিতা করার জন্য জানান। তিনি উল্লেখ করেন ভারত সেবাশ্রমের কথা।


 ভারত সেবাশ্রমের পক্ষ থেকে ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে ত্রান দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন যে সুন্দরবন ,দীঘা কে বাঁচানোর জন্য দুটি প্রকল্প তৈরি করা হচ্ছে। সেই প্রকল্পের রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে পাঠানো হবে ।তিনি যে ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে রয়েছেন তা তিনি তার কথার মাধ্যমে তুলে ধরেন। তিনি ঘাটালের দুর্গত মানুষদের পর্যাপ্ত পরিমাণে প্রাণ দেওয়ার জন্য জেলা শাসক ও জেলা প্রশাসন এর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। যাতে মানুষ কোন বিপদের মধ্যে না থাকেন সে বিষয়ে খতিয়ে দেখার জন্য এবং দুর্গত মানুষদের পাশে থাকার জন্য তিনি প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.