Digha Sea: দিঘার সমুদ্রের কালো জল দেখে আতঙ্কিত পর্যটক থেকে স্থানীয় মানুষরা - The News Lion

Digha Sea: দিঘার সমুদ্রের কালো জল দেখে আতঙ্কিত পর্যটক থেকে স্থানীয় মানুষরা

 


দি নিউজ লায়নঃ  দিঘার সমুদ্রের কাদা মাখা ঘোলা এবং কালো জল দেখে অবাক পর্যটক থেকে স্থানীয় মানুষ। এ দিন সকাল থেকেই সমুদ্রের জলের এই আচমকা রং পরিবর্তন দেখে হতবাক পর্যটক থেকে স্থানীয় মানুষরা৷ ১৫ আগস্টের আগে দিঘাতে পর্যটকের ঢল নামলেও পর্যটকদের মনে আনন্দের বদলে আতঙ্ক দেখা দিয়েছে। মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে যে পর্যটকরা এসেছেন, দিঘায় সমুদ্র স্নান বন্ধের জন্য তাঁদের অনেকেই ফিরে যাচ্ছেন৷


 বাকিরা দিঘায় থাকলেও সমুদ্র স্নানের আনন্দ উপভোগ করতে পারছেন না।  স্থানীয় বাসিন্দারা বলছেন, সাম্প্রতিক কালে দিঘার সমুদ্রের এই রূপ তাঁরা দেখেননি৷ তবে বেশ কয়েক বছর আগে একবার দিঘার সমুদ্রের এরকমই কালো হয়ে গিয়েছিল৷ সমুদ্রের জল পুরো ঘোলা কর্দমাক্ত। স্নান করতে গেলে চোখে, মুখে, কানে ঢুকে যাচ্ছে ঘোলাটে কালো জল। যদিও এমনটা হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়।  বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ, প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র স্নানের উপরে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 


তাই নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে বহু দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের। হঠাৎ সমুদ্রের জলের এই রং বদল কেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তাও বোঝার চেষ্টা চালাচ্ছেন প্রশাসনিক কর্তারা৷  এমনিতেই দিঘা, মন্দারমণিতে আসতে গেলে করোনা সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ মানতে হচ্ছে পর্যটকদের৷ তাই স্বাধীনতা দিবস এবং সপ্তাহান্তের ছুটি একসঙ্গে পড়লেও অতীতের তুলনায় ভিড় বেশ কিছুটা কম৷ তার মধ্যে সমু্দ্রের জল কালো হয়ে যাওয়ায় দিঘায় এসে হতাশ হয়ে ফিরছেন পর্যটকরা৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.